শিক্ষককে লাঞ্ছনার পরদিনই পিটুনির শিকার আ.লীগ নেতা

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার পরদিনই মারধরের শিকার হয়েছেন সেই আওয়ামী লীগ নেতা। আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা মকলেছার রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ওই বিদ্যালয়।

স্থানীয়দের ভাষ্যমতে, আদমদীঘি উপজেলার বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৩ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মকলেছার রহমান প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আজাহার আলী নামে এক সিনিয়র শিক্ষককে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ওই ঘটনার পরপরই ছাত্রীরা মকলেছার রহমানের বিচার দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

এরই মাঝে গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মকলেছার রহমান আদমদীঘি উপজেলা সদরের ভাড়া বাসা থেকে বিনাহালি গ্রামে যান। তিনি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছলে স্থানীয় একদল লোক তার ওপর হামলা করে। পরে ওই গ্রামের তার নিকটাত্মীয় ও পুলিশ গিয়ে মকলেছার রহমানকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মকলেছার রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত