জন্ম নিবন্ধন সনদ পেতে নাগরিকদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিশে কয়েক কোটি মানুষের জন্ম নিবন্ধনের তথ্য সার্ভারে না থাকার অভিযোগের বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার এলজিআরডি সচিব, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের রেজিস্ট্রার জেনারেলসহ চারজনের উদ্দেশে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভির আহমেদ এ নোটিস পাঠান। এতে বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। ব্যারিস্টার তানভীর দেশ রূপান্তরকে বলেন, ‘জন্ম নিবন্ধন সনদ নিয়ে চরম বিশৃঙ্খলা চলছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা রয়েছে।’
×
