কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার দাবি বিএনপির

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:৪৬ এএম

সেচের পানি না পেয়ে রাজশাহীতে দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানিয়েছে দলটি। দলের নেতারা বলছেন, ইতিপূর্বেও কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে, সরকারের দুর্নীতি ও দলীয়করণের কারণে কৃষকরা আত্মহত্যা করছে। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

গত ৪ এপ্রিল অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার সমালোচনা করা হয়। একই সঙ্গে মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন স্থায়ী কমিটির সদস্যরা।

হাওরাঞ্চল তলিয়ে গিয়েছে সরকারের অব্যবস্থাপনার কারণে রিজভী : গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাওয়া এবং ফসলের ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী। এ কারণে উজানের ঢলে দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার একটি বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবছে এবং এ অসময়ে পানির ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘বাঁধ নির্মাণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  কিন্তু বাঁধ নির্মাণ না করায় এ অঞ্চলের মানুষের বাড়িঘর ভেসে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত