কৃষকের আত্মহত্যায় দায়ীদের শাস্তি দাবি

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৫৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে কৃষকের এ আত্মহত্যার জন্য দায়ীদের শাস্তি প্রদান এবং বরেন্দ্র অঞ্চলে প্রত্যেক কৃষকের বোরো ধানের জমিতে সেচের পানি নিশ্চিত করার দাবি জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না, জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, কেন্দ্রীয় সদস্য জহির রায়হান চন্দন প্রমুখ।

এদিকে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলামের বিরুদ্ধে এ মামলা নিয়ে গড়িমসির অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল দুপুরে সংগঠনের পক্ষ থেকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ওসির প্রত্যাহার ছাড়াও থানা ও পুলিশ ফাঁড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের অভিযোগ গ্রহণে হয়রানি বন্ধ এবং তাদের ওপর বিভিন্ন সময় দেওয়া মাদকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গর্নেস মারান্ডি, জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত