দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পেশাজীবীদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। গতকাল বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার কাছে সমাবেশের বিষয়ে ব্যাখ্যা চায় বিএনপি।
এ বিষয়ে শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ব্যাখ্যা তলব করে আমাকে একটি চিঠি দিয়েছে বিএনপি। এজন্য পাঁচ দিন সময় বেঁধে দিয়েছে। আমি যেহেতু দল করি, তাই এই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই চিঠির লিখিত জবাব দেব।’
গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির’ দাবিতে ‘পেশাজীবী সমাজের’ ব্যানারে সমাবেশ করেন শওকত মাহমুদ। এ ঘটনায় সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শওকত মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
