পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে এতে করে কৃষকদের বারবার ফসলহানি কমে আসবে। আর বাঁধ নির্মাণকাজে অনিয়ম কিংবা গাফিলতিতে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
বুধবার দুপুরে সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার ভেঙে যাওয়া চন্দ্রসোনার তাল হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, হাওরে যেসকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজ চলছে এবং যে কৃষকেরা ফসল হারিয়েছেন তাদের তালিকা করে সহায়তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ, গেল ৬ দিনে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সাতটি হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টরের বেশি ফসল। এখনো জেলার বেশির ভাগ হাওরের বাঁধে দেখা দিয়েছে ফাটল। দিনরাত বাঁধ মেরামত কাজ করছেন হাওরের কৃষকেরা।
