ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাশের ধানসিড়ি নদীকে খালে রূপান্তর করার প্রতিবাদ ও নদীটির জীবিত সত্তা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল-খুলনা মহাসড়কের বাগরি বাজারসংলগ্ন ধানসিড়ি নদীর তীরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দুই যুগ আগেও ধানসিড়ি নদীটি ১২০ ফুট দৃশ্যমান ছিল। দুই পাড়ের বাসিন্দারা নদী দখলের পর এখন নতুন করে খনন করায় নদীটি মাত্র ৫৫ ফুট দৃশ্যমান আছে। নদীর নিচ থেকে মাটি কেটে প্রবাহমান জায়গা ভরাট করারও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, ধানসিড়ি নদীর সীমানা নির্ধারণ করার পর নতুন করে পুরো নদী খনন করতে হবে। এতে বক্তব্য রাখেন মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জালাল আহম্মেদ, রাজাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান প্রমুখ।
