আইন সংস্কার সীমানা পুনর্নির্ধারণে ইসির দুই কমিটি

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০২:৩১ এএম

আইন ও বিধি সংস্কার এবং সীমানা পুনর্নির্ধারণবিষয়ক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার রাশেদা সুলতানাকে আহ্বায়ক করে নির্বাচন কমিশন সচিবালয়ের বিদ্যমান নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি যুগোপযোগী করার লক্ষ্যে আইন ও বিধিমালা সংস্কার কমিটি এবং কমিশনার আনিছুর রহমানকে আহ্বায়ক করে সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ দুটি কমিটি গঠনের বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। দুটি কমিটিতেই নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

এ ছাড়া নির্বাচন-সংশ্লিষ্ট ও অন্যান্য মামলা পরিচালনার জন্য আইনজীবী প্যানেল পুনর্বিন্যাস ও সময়ে সময়ে মামলাগুলোর বিষয়ে পর্যালোচনা, নির্বাচনী প্রচারণাব্যয় (জন তহবিল) আইন প্রণয়ন এবং যেকোনো বিষয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ ও কনসালট্যান্ট নিয়োগ করতে পারবে কমিটি।

এদিকে সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির এখতিয়ারের বিষয়ে বলা হয়েছে নির্বাচনী সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালন এবং আপত্তি মীমাংসার ওপর পরামর্শ দিতে পারবে কমিটি। রাজনৈতিক দল এবং নির্বাচন-সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে বৈঠক এবং আলোচনার পরিপ্রেক্ষিতে করণীয় বিষয় নির্ধারণ করে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত