মধ্যরাতে সাদা পোশাকে আসামি ধরতে যাওয়া ৬ ‘পুলিশকে মারধর’

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৫:৩৬ পিএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের চর ভাবখালিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। সাদা পোশাকে যাওয়ার কারণে ডাকাত সন্দেহে তাদের মারধর করা হয়।

আহত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অপর এএসআই মোস্তাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই শফিক আহমেদ, এসআই এমদাদ, এসআই আওলাদ হোসেন, এএসআই কামরুল ইসলাম, এ.এস.আই মোস্তাক আহমেদ ও এএসআই মিজানুর রহমান।

শুক্রবার বিকেলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আসামি ধরতে গিয়ে একটি ঘরে হানা দিলে জুয়া খেলা অবস্থায় দেখতে পায় পুলিশ। তখন ছয়-সাতজন জুয়ারিকে আটক করে নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছিল। এ সময় জুয়াড়িরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। একপর্যায়ে মাইক দিয়ে বিভ্রান্তিমূলক কথা বার্তা প্রচার করে লোকজন জড়ো করেন। পরে এলাকার লোকজন সত্য মিথ্যা যাচাই না করেই লাঠিসোঁটা নিয়ে ওই পুলিশ সদস্যেদের ওপর হামলা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ওসি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইজ্জত আলী জানান, গত ৩০ মার্চ ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনকে কেন্দ্র করে চর ভাবখালীর শ্রমিকদের সঙ্গে উজান কাশিয়ারচর এলাকার শ্রমিকদের মারামারির জের ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের মাঝে প্রতিদিনই উত্তেজনা চলছিল। ঘটনার দিন রাতে চর ভাবখালীর নদ ঘাটের তীরে একটি দোকানে বসে তাস দিয়ে জুয়া খেলছিল কয়েকজন জুয়াড়ি।

এ সময় হঠাৎ সাদা পোশাকে পুলিশ অভিযান চালালে গ্রামের লোকজন চিৎকার করে হট্টগোল শুরু করে। এতে স্থানীয় বালু শ্রমিকরা মনে করে যে পূর্বের মারামারির জের ধরে প্রতিপক্ষ উজান কাশিয়ার চরের লোকজন তাদের ওপর হামলা করতে এসেছে। এ সময় এলাকাবাসী মাইকে ডাকাত ডাকাত ঘোষণা দিয়ে এলাকার লোকজন একত্রিত করে প্রতিপক্ষ ভেবে সাদা পোশাকের পুলিশের ওপর হামলা চালায়। এতে এলোপাতাড়ি মারপিটে ওই পুলিশ সদস্যরা আহত হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আহমারউজ্জামান জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত