সাতক্ষীরায় নিজ ঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০২:১১ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জের ছনকা গ্রাম থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শনিবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্নও আছে। রহস্যজনক হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ওই বৃদ্ধার নাম আম্বিয়া খাতুন (৭০)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

ওসি মোস্তফা জানান, আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুলের কাছে জানতে চাইলে শিমুল জানায় ‘প্রতিদিনের মতো তার মা রাতের খাবার খেয়ে বাড়ির দো’তলায় নিজ রুমে ঘুমাতে যান। তিনি এবং তার পরিবার রাতে নিচের রুমে ঘুমান। মা আম্বিয়া খাতুন রাতে একা দু’তলায় ঘুমাতেন। সেহরি খাওয়ার সময় মাকে উপরে ডাকতে গিয়ে দেখেন মৃত অবস্থায় আম্বিয়া খাতুন পড়ে আছেন।’ তবে তার মা রক্তাক্ত হয়েছে তার কারণ কী জানতে চাইলে শিমুলসহ তার অন্যান্য ভাইবোনেরা কিছু জানাতে পারেনি।

বিষয়টি যথেষ্ট সন্দেহজনক হওয়ায় বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

স্থানীয় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, আম্বিয়া খাতুনের স্বামী স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরিজীবী ছিলেন। তার মৃত্যুর পর পেনশনের টাকা আর জমি-জমার একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে পারিবারিক মতানৈক্য ছিল বলে জানিয়েছে প্রতিবেশীরা।

আম্বিয়ার বড় ছেলে আইরিছুজ্জামান বিদ্যুৎ শ্রমিক, ছোট ছেলে শরিফুজ্জামান কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত এবং ৪ মেয়ে স্বামীর ঘরে তবে গৃহবধূ। নিহত আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন।

শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন। শনিবার ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত