বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে খালাস দেওয়া বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও তলব করেছেন হাইকোর্ট।
রবিবার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, নিম্ন আদালতের নথি হাইকোর্টে পৌঁছানোর পর কমিশনকে (দুদক) চার মাসের মধ্যে মামলার পেপার বুক তৈরি করতে বলেছেন আদালত। এরপর হাইকোর্ট আপিলের ওপর শুনানি করবেন।
২০১৯ সালের ১৬ জুলাই দুদক মিজানুর ও দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মিজানুরের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে এনামুল বাসিরকে তিন বছরের কারাদণ্ড এবং অর্থপাচারের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
নিম্ন আদালত মিজানুর রহমানকে অর্থপাচারের অভিযোগ থেকে খালাস দিলেও ঘুষের অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড দেন। এনামুল বাসির ও মিজানুর রহমান দুজনই এখন কারাগারে।
