মেঘনায় নৌ-পুলিশের গুলিতে জেলে নিহত, আটক ১০

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৪:১৫ পিএম

মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমির হোসেন (২৮) নামে একজন নিহত হয়েছে। ঘটনার পর ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।  

রবিবার ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন এবং চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান।

নিহত আমির হোসেন পেশায় জেলে। তিনি ভোলা সদরের কুতুবপুরার মতলবের ছেলে।

নিহতের বড় ভাই শাহবুদ্দিন জানান, তার ছোট ভাই আমির হোসেন সংসারে অভাব অনটন থাকায় নদীতে মাছ ধরতে গিয়েছিল। নদীতে মাছ ধরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নৌ-পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে তার ভাইসহ কয়েকজন গুলিতে আহত হয়। গুলবিদ্ধ অবস্থার তার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যায়। ভাইয়ের সংসারে রয়েছে এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও মা-বাবা। 

এদিকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটের নৌ-পুলিশ ইনচার্জ কামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে মেঘনা দুই মাস মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার দিবাগত রাতে নৌ-পুলিশ নদীতে অভিযানে যায়।

তিনি বলেন, ভোররাতে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫-৬টি মাছ ধরার নৌকা নিয়ে ৫০-৬০ জন জেলের একটি দলকে ঘেরাও করে। পরে তারা পুলিশের ওপর হঠাৎ করে হামলা চালায়। জেলেরা এ সময় পুলিশের ওপর জালের কাঠি নিক্ষেপ করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে আমির হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক ও পুলিশের স্পিড বোটের চালকসহ ৫ জন আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান রবিবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুরে আসেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ হওয়ার পর জেলে  আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যায়।

এসপি জানান, সংঘর্ষের ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। আককৃত জেলেদের মধ্যে রয়েছেন- মনির চকিদার, মোসলে উদ্দিন, জাহাঙ্গীর, সাইদুল ইসলাম, সবুজ রাড়ী, জহিরুল ইসলাম, মোকতার, ইমরান।

সদর থানার ওসি জসীম উদ্দীন জানান, নদীতে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। আটক ১০ জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত