রাজশাহীর মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী প্রকাশ সিং হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রবিবার সকালে এই রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক এই তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁ নিয়ামতপুরের বাদল মণ্ডল, নিহতের চাচা রাজশাহীর তানোরের বিমল শিং, তার স্ত্রী অঞ্জলী রানী ও ছেলে সুবোধ শিং। চার আসামিকেই মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, নিহত প্রকাশ শিং (২০) তানোর উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল শিং এর ছেলে। প্রকাশ রাজশাহী শহরের নবরূপ মিষ্টান্ন ভান্ডারে পরিবেশনকারী হিসেবে কাজ করতেন। করোনার কারণে তিনি তার গ্রামের বাড়ি তানোরে চলে যান। ২০২১ সালের ২৮ এপ্রিল বিকেলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশের মাঠে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় ওই দিনই প্রকাশের পিতা নির্মল শিং বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশি তদন্তে উঠে আসে নিহত প্রকাশ ও তার বাবা অঞ্জলী রানী ও বাদল মণ্ডলের অবৈধ সম্পর্ক জেনে যাওয়া এবং এর প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চারজনের নামে এ মামলার চার্জশিট দেয় পুলিশ। আসামিরা হলেন কথিত প্রেমিক বাদল মণ্ডল, নিহত প্রকাশের চাচি অঞ্জলী রানী, চাচা বিমল শিং ও চাচাতো ভাই সুবোধ শিং।
রায়ে সবারই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় মোট ২০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।
