রিকশা চালকের আত্মহত্যা: ক্ষতিপূরণ-বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৭:৩৫ পিএম

সাভারে রিকশা শ্রমিক নাজমুল কাজীর আত্মহননের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম জোটভুক্ত শ্রমিক সংগঠন সমূহ।

রবিবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ধসে পড়া রানা প্লাজার সামনে এ মানববন্ধন পালন করে তারা।

এ সময় বিকল্প কর্মসংস্থান ছাড়া রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক উচ্ছেদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে রিকশা, মোটর রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা।

আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, ‘আমরা জানতে পেরেছি সাভার হাইওয়ে পুলিশ নাজমুলের অটোরিকশাটি আটক করে তিন হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা জোগাড় করতে না পেরে অপমান এবং ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাই অবিলম্বে নাজমুলের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচার ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ৫ এপ্রিল নাজমুল কাজী (৩০) নামে এক অটোরিকশাচালক নিজের রিকশা হারিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ওই দিন রাতেই সাভার পৌর এলাকার রেডিও কলোনির জালেশ্বর মহল্লার ভাড়া বাসা থেকে নিহত নাজমুল কাজীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত নাজমুল কাজী খুলনা জেলার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ইলা মসজিদ সংলগ্ন ইমুরনেছার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী নাজমা খাতুন বলেন, আমার স্বামী গ্যারেজ থেকে ভাড়া নিয়ে একটি অটোরিকশা চালাতেন। এর আগে একবার হাইওয়ে পুলিশ মহাসড়কে রিকশা চালানোর দায়ে তার রিকশা আটক করে থানায় নিয়ে গিয়ে মামলা দিয়েছিল। তখন টাকা দিয়ে মামলা ভাঙিয়ে সেই রিকশা ফেরত আনেন তিনি। আবারও ৫ এপ্রিল তার স্বামী জানায় পুলিশ তার রিকশা আটক করেছে ছাড়াতে তিন হাজার টাকা লাগবে। সেই টাকা জোগাড় করতে না পেরে পুলিশের ওপর ক্ষোভ থেকেই নাজমুল আত্মহত্যা করেছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, গত ৫ এপ্রিল মঙ্গলবার রেডিও কলোনি এলাকা থেকে এমন কোনো রিকশা হাইওয়ে পুলিশ আটক করেনি। যদি আটক করা হতো তাহলে আমাদের কাছে সেটার তালিকা থাকত। হয়তো তাদের পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত