মোস্তাফিজের কৃপণ বোলিং, কলকাতাকে হারাল দিল্লি

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:২৮ পিএম

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪৪ রানে জিতেছে মোস্তাফিজুর রহমানের দল।

বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান দেন বাংলাদেশি পেসার। কৃপণ বোলিংয়ে কেকেআরের রানের লাগাম টেনে রাখলেও উইকেট পাননি ফিজ। নিজের প্রথম দুই ওভারে ৫ রান দেন তিনি। শেষ দুই ওভারে দেন ১৬।

দিল্লির অধিনায়ক-উইকেটরক্ষক ঋষভ পন্ত মোস্তাফিজকে রেখে দিয়েছিলেন ইনিংসের শেষদিকে বোলিংয়ে আনার জন্য।তাতে দারুণ সফল ‘কাটার মাস্টার’। রান তাড়া করতে নামা কলকাতার আন্দ্রে রাসেলদের নিজের শেষ দুই ওভারে ব্যাটে ঝড় তুলতে দেননি তিনি। 

রবিবার মুম্বাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে মোস্তাফিজের সতীর্থরা। দুই ওপেনার পৃথ্বি শ’র ৫১ ও ডেভিড ওয়ার্নারের ৬১ রানের সুবাদে ৫ উইকেটে ২১৫ রান করে দিল্লি।

জবাবে ২ বল বাকি থাকে ১৭১ রানে অলআউট হয়ে যায় কলকাতা। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। দিল্লির হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা কুলদীপ যাদব। ৩ উইকেট নিয়েছেন খলিল আহমেদ।

হারলেও চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কলকাতা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে দিল্লি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত