শ্রীপুরে ঘরে ঢুকে চালককে হত্যা করে ইজিবাইক চুরি

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০১:১৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে রাতের বেলায় ঘরে সিঁধ কেটে ঢুকে চালককে (মালিক) হত্যা করে ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সোমবার মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সোমবার (আজ) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজের ইজিবাইকের নিরাপত্তার জন্যই পাশের একটি দোকানে ব্যাটারি চার্জ করার সময় পাহারায় থাকতেন মালিক এমনটিই পুলিশ জানিয়েছে।

আজ সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহতের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

নিহতের স্বজনেরা জানায়, আনোয়ার নিজের টাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে চালাতেন আনোয়ার হোসেন। দিনব্যাপী ইজিবাইক চালানোর পর রাতে বাঁশবাড়ি সড়কের পাশে একটি টিনশেড দোকানে চার্জ দিতে রাখতেন। তবে গাড়ির নিরাপত্তার কথা চিন্তা করে রাতে ওই দোকানেই থাকতেন তিনি।

সোমবার রাতেও গাড়িতে চার্জ চলাকালে সেখানেই ছিলেন আনোয়ার।

‘সকালে পথচারীরা দোকান খোলা দেখে আমাদের খবর দেয়। পরে গিয়ে দেখি মরদেহ পড়ে আছে। এ সময় ঘরে চার্জে ইজিবাইকটি ছিল না। দুর্বৃত্তরা ওই ঘরে সিঁধ কেটে ও বেড়া কেটে ঢুকে চালককে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে।’

স্বজনদের দাবি, দুর্বৃত্তদের বাধা দেওয়াতে হয়ত তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে।   

 গাজীপুর সহকারী পুলিশ সুপার (এএসপি কালিয়াকৈর সার্কেল) মো. আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি করতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত