স্কুলড্রেস না পরার ঘটনাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যবহার করা হয়: তদন্ত কমিটি

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০:১০ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বিদ্যালয়ে হিজাব পরার কারণে ২০ শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা পায়নি তদন্ত কমিটি।

সোমবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে উপজেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি।

গত ৬ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পড়ার কারণে ২০ শিক্ষার্থীকে মারধর করে বলে অভিযোগ উঠেছিল। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরদিন অভিযুক্তের শাস্তি চেয়ে মানববন্ধন করে। একইসঙ্গে বিদ্যালয়ে ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।

পরে এ ঘটনায় গত ৭ এপ্রিল উপজেলা প্রশাসন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মালেককে প্রধান করে মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফকে নিয়ে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক দেশ রূপান্তরকে জানান, সোমবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, ঘটনার পর গত ৭ এপ্রিল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মালেককে প্রধান করে ৩ সদস্যর ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ রাত ৮টার দিকে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

ইউএনও বলেন, তদন্ত কমিটি তাদের অনুসন্ধানে হিজাব পরাকে কেন্দ্র করে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের সত্যতা পায়নি। ওই দিন বিদ্যালয়ে স্কুলড্রেস না পরার কারণে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল ও শারীরিক শিক্ষার শিক্ষক বদিউল আলম শিক্ষার্থীদের শাসন করেন।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি সুপারিশ করেছে যেহেতু আমোদিনী পাল ও বদিউল আলম শিক্ষার্থীদের শারীরিক প্রহার করেছেন সেটি আইন পরিপন্থী কাজ তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ইউএনও মো. মিজানুর রহমান বলেন, সেইসঙ্গে বিদ্যালয়ের একটি গ্রুপ স্কুলড্রেস না পরার কারণে শাসন করার ঘটনাটি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হিজাব পরাকে ব্যবহার করতে চেয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত