টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পরদিন রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধলাটেঙ্গর রেল লাইনের পাশ থেকে মঙ্গলবার সকালে গোবিন্দ চন্দ্র আর্য (৩৮) নামে যুবকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি তাকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিবারের লোকজন খুঁজে পায়নি।
নিহত গোবিন্দ চন্দ্র আর্য উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্যর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার গোবিন্দের বাসায় পারিবারিক অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সবাইকে বিদায় দিয়ে গোবিন্দ কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার সকালে উপজেলার ধলাটেঙ্গর রেল লাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। তার হাত-পা ভাঙা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
পুলিশের ধারণা, কেউ তাকে হত্যার পর মরদেহটি রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, মরদেহটি রেল লাইনের পাশে থাকায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।
