বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে বলেছেন, করোনা টিকার নামে সরকারের সংশ্লিষ্ট লোকজন ২৩ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এ অবস্থায় বিরোধীদলীয় নেতাদের পেছনে ওত পেতে না থেকে করোনার টিকার নামে যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িতদের খুঁজে বের করুন।
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ‘গত মঙ্গলবার প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্টে বলা হয়েছে, কভিড-১৯ মোকাবিলায় সরকারের ভ্যাকসিন ক্রয় ও ব্যবস্থাপনায় ২৩ হাজার কোটি টাকার গরমিল রয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। প্র্রাকৃতিক দুর্যোগগুলো পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য বিপদ হলেও আওয়ামী লীগের লোকজনের কাছে মহোৎসব। করোনা গোটা মানবজাতির জন্য ভীতির কারণ হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ছিল আনন্দবার্তা। কারণ করোনার সুযোগ কাজে লাগিয়ে তারা তাদের পকেটের উন্নয়ন করেছে।’
