প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার সাথে সাথে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন তিনি।
শুক্রবার ঢাকায় পীরগঞ্জ (রংপুর) সমিতি কর্তৃক আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার।
শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সকল ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।
