দম্পতিকে পিটিয়ে টাকা নিয়ে গেছেন ছাত্রদল নেতা!

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১:১৯ পিএম

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল শহরের হাজিপাড়ার একটি বাড়িতে ঢুকে দম্পতিকে মারধর করে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসব অভিযোগ করেছেন মারধরের শিকার লায়লা বেগম সূচনা। এ সময় তার স্বামী ইসরাফিল হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে।

লায়লা বেগম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তারাবি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই হাতে থাকা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ও তার সঙ্গে থাকা ২০-২৫ জন। তারা স্বামী ইসরাফিলসহ তাকে পিটিয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রি করা সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ওহিদুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। তবে মোবাইল ফোনে ইসরাফিল ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।’ ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত