বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-পুলিশের লাঠিচার্জে আহত ৫

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৫:৩২ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বিকেলে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার জেলার শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানের সমর্থকদের মাঝে সকাল থেকেই পদ পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের আশঙ্কায় উপজেলায় কমিটি গঠন না করে জেলা শহরে সম্মেলনের প্রস্তুতি নেয় বিএনপি। সেখানেও উভয় পক্ষ  অবস্থান নেয়। জেলা শহরে সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকে পুলিশ কঠোর অবস্থান নেয়।

আরও জানা যায়, পরে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে কমিটি গঠন নিয়ে আলোচনা চলাকালে জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থকেরা কার্যালয়ের সামনে সম্মেলন অবৈধ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আসাদুজ্জামানের সমর্থকরাও স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছোড়া হয় ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

ঝিনাইদহ জেলা বিএনপির সদস্যসচিব এ্যাড. এমএ মজিদ বলেন, উল্লেখযোগ্য তেমন ঘটনা ঘটেনি। বিএনপির পার্টি অফিসে কমিটি গঠন অনুষ্ঠানে একটি পক্ষ যোগ না দিয়ে অফিসের নিচে স্লোগান দিচ্ছিল। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত