আর্জেন্টিনা বাদ দ্বিতীয় রাউন্ডেই, ব্রাজিল জিতবে বিশ্বকাপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৬:০৯ এএম

২০১০ ফিফা বিশ্বকাপ জিতেছিল স্পেন। জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতবে- দুদল মাঠে নামার আগে একটি অক্টোপাস ভবিষ্যদ্বাণী করেছিল। পল নামের অক্টোপাসটি প্রায় প্রতিটি ম্যাচেই জয়-পরাজয়ের ভবিষ্যদ্বাণী করত। বেশিরভাগ সময়ই তার ভবিষ্যদ্বাণী মিলে যেত। মূলত, পলকে দুটি প্রতিযোগী দেশের পতাকাসহ একটি অ্যাকুয়ারিয়ামে ছেড়ে দেওয়া হতো জয়ী দল নির্বাচন করতে। এভাবে প্রায় প্রতিটি ম্যাচ শুরুর আগে জার্মানরা প্রাণীটিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করত। অক্টোপাস দুবার স্পেনের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করেছিল। বিশ্বকাপ জয়ের পর স্পেন পলকে একটি জাতীয় সম্পদ হিসেবে চেয়েছিল তবে জার্মানরা প্রাণীটিকে ছেড়ে দিতে রাজি হয়নি। সাড়া জাগানো সেই অক্টোপাস বেশিদিন বাঁচেনি। সে বছরই মারা যায়। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বিড়াল নিয়ে প্রতিটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করতে দেখা গেছে।

তবে এবার অক্টোপাস বা বিড়াল নয়, ২০২২ সালের বিশ্বকাপে যেকোনো দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন। তাদের ব্যাখ্যা অনুযায়ী, কাতার বিশ্বকাপের শেষ ষোল থেকেই বাদ পড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ফ্রান্সও ফাইনালে উঠতে পারবে না, সেমিফাইনালে তাদের এবং ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শেষপর্যন্ত বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কীভাবে?

বিশ্লেষণের আগে অবশ্য প্লে-অফ থেকে কোন তিন দল আসতে পারে, সেটি ঠিক করে নিয়েছেন নিজেকে ‘পাগল’ দাবি করে ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হওয়া রায়ান ও’হ্যানলন। বাকি তিন দল বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্য ফিফা র‌্যাংকিংকেই প্রাধান্য দিয়েছেন। সে হিসেবে পেরু, ওয়েলস আর কোস্টারিকা সুযোগ পাচ্ছে অন্য ২৯ দলের সঙ্গে।

খেলোয়াড়ের ব্যক্তিগত রেটিং আর দলের পারফরম্যান্স মিলিয়ে প্রতিটি জাতীয় দলকে একটা রেটিং দেওয়ার মডেল তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান টোয়েন্টি ফার্স্ট গ্রুপ, ইএসপিএন তাদের সাহায্য নিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে কোন দল গড়ে কেমন গোল খেয়েছে আর দিয়েছে, সর্বশেষ দুই বিশ্বকাপে দলগুলোর গোল খাওয়া-দেওয়ার হিসাব; আক্রমণে ওঠার ক্ষেত্রে কোন দল দ্রুতগতিতে ওঠে, কোন দল ধীর; কোন দল রক্ষণাত্মক কৌশলে খেলে, কারা আক্রমণাত্মক; কার রেটিং কেমন...অনেক হিসাবই আছে মডেলে। হিসাবে বিশ্বকাপে ঘটে আসা ফলাফলকেও রাখা হয়েছে। যেমন, বিশ্বকাপ ইতিহাসে ৮০ শতাংশ ম্যাচই সরাসরি নিষ্পত্তি হয় জয়-পরাজয়ে, ড্র হয় ২০ শতাংশ ম্যাচ। জয়ের ক্ষেত্রে ২-১ ব্যবধানটাই বেশি, ড্র হওয়া বেশিরভাগ ম্যাচের ফল ১-১। আবার দলের শক্তির বিশ্লেষণে তাই ডেনমার্ক বিশ্বের দশম শক্তিশালী দল, যারা আসছে আর্জেন্টিনা-ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের পর।

গ্রুপ পর্ব

ইএসপিএনের বিশ্লেষণে দেখা যায়, বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ইরানকে ২-০ গোলে হারাবে। নেদারল্যান্ডস ১-১ গোলে ড্র করবে সেনেগালের সঙ্গে, আর আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবকে ৩-০ গোলে হারাবে। পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতবে অনেক প্রতিভা নিয়েও রক্ষণাত্মক কৌশলে খেলা ফ্রান্স। জার্মানি জাপানকে হারাবে ৩-২ গোলে, কোস্টারিকার সঙ্গে ২-০ গোলে জিতবে স্পেন। ব্রাজিল সার্বিয়াকে গত বিশ্বকাপের মতোই ২-০ গোলে হারাবে। আর পর্তুগাল ২-০ গোলে জিতবে বাছাইপর্বও খুঁড়িয়ে খুঁড়িয়ে পার হওয়া ঘানার বিপক্ষে।

ইএসপিএনের বিশ্লেষণে চমক দেখা যাবে বুড়িয়ে যাওয়া ক্রোয়েশিয়া আর উরুগুয়ের প্রথম ম্যাচে, হেরে যাবে তারা। ৩৫ বছরের দুই স্ট্রাইকার সুয়ারেজ-কাভানির ওপর ভরসা রাখা, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে বরখাস্ত হওয়া কোচের অধীন উরুগুয়ে ১-০ গোলে হারবে দক্ষিণ কোরিয়ার কাছে। তবে তাদের বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে বড় চমক সম্ভবত সোনালি প্রজন্মের শেষ বিশ্বকাপ দেখতে আসা বেলজিয়ামের কানাডার কাছে ২-১ গোলে হেরে যাওয়া।

এমন অবস্থা হবে যে বেলজিয়াম-ক্রোয়েশিয়াকে টপকে গ্রুপ সেরা ও রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠবে মরক্কো আর ৩৬ বছর পর চূড়ান্ত পর্বে ওঠা কানাডা। ইএসপিএনের যুক্তিÑ বেলজিয়াম-ক্রোয়েশিয়া দুদলই বুড়িয়ে গেছে, ২০১৮ বিশ্বকাপের পর ক্রোয়েশিয়া সেভাবে আলো ছড়াতে পারেনি, বেলজিয়াম প্রতিভা আর ফর্মেও পিছিয়েছে।

ইএসপিএনের বিশ্লেষণে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠছেÑ

গ্রুপ-এ : নেদারল্যান্ডস, সেনেগাল, গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, গ্রুপ-সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, গ্রুপ-ডি : ডেনমার্ক, ফ্রান্স, গ্রুপ-ই: স্পেন, জার্মানি, গ্রুপ-এফ: মরক্কো, কানাডা, গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, গ্রুপ-এইচ: পর্তুগাল, দক্ষিণ কোরিয়া

শেষ ষোলোতে যা ঘটবে

২০১৮ বিশ্বকাপের মতো এবারও শেষ ষোলোতে দেখা হচ্ছে মেসি আর এমবাপ্পের। তাতে এবারও মেসিরই বিশ্বকাপ শেষ হচ্ছে বলে জানাচ্ছে ইএসপিএনের বিশ্লেষণ। পার্থক্যটা হলো, সেবার ৯০ মিনিটেই ৪-৩ গোলে হেরেছে আর্জেন্টিনা, এবার অতিরিক্ত সময় শেষে আর্জেন্টিনা ২-১ গোলে হেরে যাবে। ৮ ম্যাচের ফল হবে:

নেদারল্যান্ডস ১: ২ যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ১: ২ ফ্রান্স (অতিরিক্ত সময়ের শেষে), ডেনমার্ক ১: ০ পোল্যান্ড, ইংল্যান্ড ২: ০ সেনেগাল, স্পেন ১: ০ কানাডা, ব্রাজিল ২: ০ দক্ষিণ কোরিয়া, মরক্কো ১: ৩ জার্মানি, পর্তুগাল ১: ১ সুইজারল্যান্ড (টাইব্রেকারে পর্তুগাল যাবে পরের রাউন্ডে)

কোয়ার্টার ফাইনাল

ইএসপিএনের বিশ্লেষণে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিই হবে ‘ফাইনাল’ হওয়ার দাবিদার এক ম্যাচÑ ব্রাজিল বনাম স্পেন। ইএসপিএনের বিশ্লেষণ, অতিরিক্ত সময় শেষে ২-১ গোলে জিতবে ব্রাজিল। তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে জার্মানি বনাম রোনালদোর পর্তুগাল। সেখানে জার্মানরা ২-১ গোলে হারাবে পর্তুগিজদের। ডেনমার্ককে ২-০ গোলে হারাবে ইংল্যান্ড। অন্য ম্যাচে বেনজেমা, এমবাপ্পেদের দাপটের সামনে পাত্তাই পাবে না যুক্তরাষ্ট্র, ফ্রান্স জিতবে সহজেই, ২-০ গোলে। 

সেমিফাইনাল

একদিকে ব্রাজিলের সামনে ফ্রান্স, অন্যদিকে জার্মানির মুখোমুখি ইংল্যান্ড। ব্রাজিল-ফ্রান্স অনেক রোমাঞ্চকর ম্যাচ জন্ম দিয়েছে বিশ্বকাপে, ১৯৮৬-র কোয়ার্টার ফাইনাল, ১৯৯৮-র ফাইনাল, ২০০৬-র কোয়ার্টার ফাইনাল। প্রতিবারই জিতেছে ফ্রান্স। কিন্তু এবার সেই ট্রেন্ড থাকবে না, ব্রাজিল জিতবে ২-১ গোলে। ২-২ গোলে অমীমাংসিত থাকা অন্য সেমিফাইনাল গড়াবে টাইব্রেকারে। ইতালির কাছে ইউরো ২০০০ ফাইনাল টাইব্রেকারে হারলেও ইএসপিএন বলছে, এবার জিতবে ইংল্যান্ড এবং ৫৬ বছর পর আবার বিশ্বকাপ ফাইনালে উঠবে তারা।

১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-ইংল্যান্ড। দুই দলই সর্বশেষ মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলে হেরেছে। ইএসপিএনের মডেল জানাচ্ছে, দুই দলই টুর্নামেন্টে রক্ষণে সেরা দুই দল হবে, সে ক্ষেত্রে ফাইনালেও গোল না খাওয়ার পণই দেখা যাবে দুদলের ফুটবলে। এক মুহূর্তের ঝলক, বা একটা ভুলেই ম্যাচটার নিষ্পত্তি দেখছে এবং শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ ঘরে নেবে। আসলেই কি এমন হবে? দেখতে অপেক্ষা করতে হবে আরও ৭ মাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত