পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা এখন দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি।
সাংস্কৃতিক সমৃদ্ধিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে আমাদের জাতিগত ঐক্য সুদৃঢ় হবে, আত্মমর্যাদাবোধ সৃষ্টি হবে।’ গতকাল শনিবার রাজধানীর রমনায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে পুনাক আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। ‘চেতনায় বাঙালি বোধে দেশপ্রেম’ সেøাগানে দুই দিনব্যাপী এই লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
পুলিশপ্রধান বলেন, ‘আমাদের যা যা ঐতিহ্য রয়েছে তা আমরা শোকেসিং করতে চাই। যাতে বৈশি^ক পরিমণ্ডলে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারি।’
দেশে আশির দশক থেকে বৈশাখী মেলা শুরু হওয়ার কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘প্রাচীন চৈত্রসংক্রান্তি মেলা পরে বৈশাখী মেলায় রূপান্তর হয়েছে। আশির দশক থেকে শহরে এ মেলা শুরু হয়েছে। এখন আমরা বৈশাখী মেলা উদযাপন করি।’
পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সেবায়ও কাজ করে যাচ্ছে।’
