শ্রীলঙ্কার কোচিং দলে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো কোচ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:৫৩ পিএম

দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার নাভিদ নওয়াজ। রবিবার খবরটি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

লঙ্কানদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া ক্রিস সিলভারউডের সহকারী হিসেবে কাজ করবেন ৪৮ বছর বয়সী নওয়াজ। ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব ছেড়ে লঙ্কানদের সহকারী কোচ হলেন নওয়াজ। তার অধীনে ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জেতে জুনিয়র টাইগাররা।

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সিলভারউড ও নওয়াজের এটিই হবে লঙ্কানদের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট। তাদের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকবেন চামিন্দা ভাস। স্বল্প মেয়াদে লঙ্কানদের পেস বোলিং কোচ হয়েছেন এই কিংবদন্তি পেসার।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পুয়াল ভিজেতুঙ্গে এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মনোজ আবেয়বিক্রমা।

২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, ঢাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত