বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে খুন যুবক

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৩:২০ পিএম

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধু সালাউদ্দিনের হাতে খুন হন ফরিদ উদ্দিন ভূঁইয়া। গত শনিবার তার নিজ বসতঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

পরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন ও তার সহযোগী আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ফরিদ ও সালাউদ্দিন দুজন বন্ধু ছিলেন। সালাউদ্দিন দুই বিয়ে করায় সে মাঝে মধ্যে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে থাকত। এই সময়টাতে ফরিদ তার প্রথম স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াত বলে সে সন্দেহ করে। তাছাড়া ঘটনার দিন রাতে ফরিদ উদ্দিনের মানিব্যাগে সে ১০ হাজার টাকা দেখতে পায়। এই টাকার লোভে ও সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তার সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং বটি দা দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদ উদ্দিনকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের আটক করা হলে তারা পুলিশের নিকট হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ ইসলামসহ চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত