ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করার লক্ষ্যে ১২ দাবি সংবলিত একটি স্মারকলিপি দিয়েছে বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি দেন সংগঠনটির নেতারা।
নৌ যাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শহীদুল ইসলামের কাছে এই স্মারকলিপিটি তুলে দেন।
এসব দাবির মধ্যে রয়েছে ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমানবন্দরের মতো নৌবন্দরে ইজারা প্রথা বাতিল করে টোল আদায় বন্ধ, নৌপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর, নৌপরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায়, নৌপরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, প্রতিটি নৌযানে পর্যাপ্ত বয়া, লাইফজ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত এবং স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, অবিলম্বে নৌপরিবহনে যাত্রী বীমা চালু, প্রতিটি লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল, ক্যান্টিন সরিয়ে নেওয়া, দক্ষ মাস্টার, সুকানি ও গ্রিজার নিয়োগ এবং ফিটনেসবিহীন নৌযান সার্ভিস বন্ধ, লঞ্চ-স্টিমারের ক্যান্টিন ও চায়ের দোকানে অতিরিক্ত দাম নেওয়া বন্ধ, নৌযান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা, নৌভ্রমণকালে যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্যকোনো প্রকার যাত্রী প্রতারণার দায় ও ক্ষয়ক্ষতি নৌ কর্তৃপক্ষকে নেওয়ার ব্যবস্থা, ঢাকা-বরিশাল-খুলনা নৌপথে আগের মতো সপ্তাহে ৭ দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নৌযান চালু করা।
