একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে পূর্বপরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে তখন তারা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে, যেগুলো তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
মন্ত্রী বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইল। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
