নেদারল্যান্ডসের প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ার সাবেক ওয়ানডে উইকেটরক্ষক রায়ান ক্যাম্পবেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে আছেন। গত শনিবার হৃদ্রোগ আক্রান্ত হন তিনি।
এদিন ৫০ বছর বয়সী এই কোচ নিজের সন্তানদের সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ মারাত্মক হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। এরপরই তাকে লন্ডনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুকে ব্যথার পাশাপাশি শ্বাস নিতে পারছিলেন না ক্যাম্পবেল। পার্থের সাংবাদিক ও তার পরিবারের বরাতে এনডিটিভি জানিয়েছে, এখনো হাসপাতালে নিঃসাড় অবস্থায় আছেন ক্যাম্পবেল। তবে আশার কথা, চিকিৎসকদের পরিচর্যা ও নিজের চেষ্টায় বেশ কয়েকবার সফলভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
বুধবার তার ভাই মার্ক ক্যাম্পবেল ট্রিপল এম’কে জানান, ক্যাম্পবেল কোমা থেকে বেরিয়ে এসেছেন। তবে তাকে এখনো আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
২০১৭ সালের জানুয়ারি থেকে ডাচদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাম্পবেল। খেলোয়াড় হিসেবে তিনি অস্ট্রেলিয়া ও হংকংয়ের জাতীয় দলের হয়ে খেলেছেন।
২০১৬ সালে হংকংয়ের হয়ে ক্যাম্পবেল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এবং টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ৪৪ বছর ৩০ দিন বয়সে এই টুর্নামেন্টে অভিষেক হয় তার।
