বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক-পরিবেশকদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন ডিপজল। এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সিনেমা সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য হলে তিনি কোনো পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। সুতরাং প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে হলে ডিপজলকে শিল্পী সমিতির পদ ছাড়তেই হবে।
বিষয়টি নিয়ে ডিপজল গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দিচ্ছি।’
এদিকে শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, এখনো তারা ডিপজলের পদত্যাগপত্র পাননি। তবে সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এর নিয়মটির কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহসভাপতি ডিপজল। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন।
