নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, আসামি ৭০০

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:২১ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির।

অন্যদিকে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি দায়ের করেছেন।

নিউমার্কেট থানার এসআই শাহ আলম জানিয়েছেন, বুধবার রাতেই মামলা তিনটি রেকর্ড করা হয়। আসামি সব অজ্ঞাত। মেহেদী হাসানের মামলায় আসামি ১৫০ থেকে ২০০ জন, ইয়ামিন কবিরের মামলায় আসামি ২০০ থেকে ৩০০ জন এবং সাঈদের মামলায় আসামি ১৫০ থেকে ২০০ জন।

গত সোমবার রাতে নিউমার্কেটের একটি খাবারের দোকানে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র মারধরের শিকার হওয়ার পর রক্তক্ষয়ী ওই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

মঙ্গলবার দিনভর চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে নাহিদ মিয়া (১৮) নামের এক পথচারীকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের মধ্যে ইটের আঘাতে আহত মোরসালিন নামের এক দোকান কর্মচারীও ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত