‘স্বপ্নেও ভাবিনি ১৩০ টাকায় পুলিশে চাকরি পাবো’

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৩:০২ পিএম

মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি এলাকার রাজীব বাড়ৈ (১৯)। বাবা নিখিল বাড়ৈ পেশায় একজন কাঠমিস্ত্রী। পরিশ্রম করে তিন ছেলেমেয়েকে বড় করেছেন। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রাজীব।

মাত্র ১৩০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন তিনি। কোনো প্রকার অর্থ লেনদেন ছাড়া চাকরি পেয়ে খুশিতে আপ্লুত রাজীব।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত ২০২২ সালের পুলিশ নিয়োগ পদে মাদারীপুর জেলায় ৩৩টি পদের বিপরীতে ১১২৪ জন চাকরি প্রত্যাশীকে নিয়ে মার্চ মাসের ২৭ তারিখ যাত্রা শুরু হয়। পরবর্তীতে সেখান থেকে এপ্রিল মাসের ৮ তারিখে লিখিত পরীক্ষা ও ২০ তারিখে মৌখিক পরীক্ষা শেষে মেধা তালিকা অনুযায়ী বিভিন্ন কোটা বিভাজন করে ২৮ জন পুরুষ ও ৫ জন নারীকে মনোনীত করা হয়।

বুধবার রাতে মাদারীপুর পুলিশ লাইনের ড্রিল সেডে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

চাকরিতে উত্তীর্ণ রাজীব বাড়ৈ বলেন, ‘আমার বাবা একজন সামান্য কাঠমিস্ত্রি। তিনি অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। কখনো স্বপ্নেও ভাবিনি ১৩০ টাকায় চাকরি পাবো। আমি আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমি মাদারীপুর পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।’

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গত বছরের মতো এবারও ১০০ ভাগ সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্যে এই ট্রেইনিং রিক্রুট প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। সবাই সবার যোগ্যতা অনুযায়ী সিলেকশন হয়েছে। প্রত্যেকটি জায়গায় চাকরির ক্ষেত্রে আমরা যদি এভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিতে পারি, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের লক্ষ্য ও অর্জন এবং কাজ করার জন্য যে যোগ্যতাগুলো দরকার তা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত