আর্জেন্টিনায় চলন্ত ট্রেনের নিচে পড়েও ‘অলৌকিক’ভাবে বেঁচে গেছেন এক নারী। তার নাম ক্যান্ডেলা। বুয়েনস আয়ার্সের একটি স্টেশনে হঠাৎ চলন্ত ট্রেনের নিচে পড়ে যান ওই নারী। পরে স্টেশনে থাকা অন্য যাত্রীরা ট্রেন থামিয়ে তাকে ট্রেনের নিচ থেকে বের করে আনেন। দেখেন তিনি অক্ষত আছেন।
ট্রেন স্টেশনে থাকা সিসিটিভিতে ধারণ করা অবিশ্বাস্য দৃশ্যে দেখা গেছে, ক্যান্ডেলা হাঁটার সময় হঠাৎ ট্রেনের দুটি বগির মধ্যে পড়ে যান। ঘটনাটি ঘটে চলতি বছর ২৯ মার্চ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ইনডিপেনডেন্ট স্টেশনে ঘটনাটি ঘটেছে।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যান্ডেলা বলেন, আমি জানি না আমি এখনও কীভাবে বেঁচে আছি। আমি এখনও এটি সব বোঝার চেষ্টা করছি৷
ক্যান্ডেলা আরো বলেন, তিনি অনুভব করেছিলেন যে দুর্ঘটনা থেকে বেঁচে থাকার পর তিনি পুনর্জন্ম পেয়েছেন।
তিনি বলেন, আমার হঠাৎ রক্তচাপ কমে যায়, যার ফলে অজ্ঞান হয়ে যাই। আমি আমার সামনে থাকা ব্যক্তিকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে পারেনি।
ভিডিওতে দেখা যায়, ক্যান্ডেলা স্বাভাবিক ছিলেন না। মাথা ও শরীর দুলছিল তাঁর। তিনি সোজা হয়ে দাঁড়াতে কিংবা স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না। এভাবেই একসময় চলন্ত একটি ট্রেনের নিচে পড়েন তিনি।
ক্যান্ডেলাকে উদ্ধারের পর দ্রুত বুয়েনস আয়ার্সের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা বলেছিলেন, তার কিছুই হয়নি। তিনি বিপদমুক্ত।
গত মাসে ভারতের গুজরাট রাজ্যের সুরাটে এক ব্যক্তি প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়েও বেঁচে যান। ট্রেন থেকে নামার সময়ে তিনি পড়ে যান।
