নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলা: তিতুমীর কলেজে বিক্ষোভ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৫:১১ পিএম

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ১২ জন সাংবাদিক। এই হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার দুপুরে তিতুমীর কলেজের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে ৬দফা দাবিও পেশ করেন সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি শামিম হোসেন শিশির, বর্তমান সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, সহসভাপতি মামুন সোহাগ, অর্থ সম্পাদক নিফাত সুলতানা, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মামুনুর হৃদয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সদস্য মাঈদুল ইসলাম, মোহাম্মদ রায়হান, হাসান সিকদার, সাব্বির আহমেদ শান্ত, সাকিল আহমেদ, সাহেদ বাবু প্রমুখ।

তারা ৬টি দাবি জানিয়েছেন। তার মধ্যে- হামলা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে হবে; হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে; হামলায় আহত সাংবাদিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; ভবিষ্যতে সাংবাদিকদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলা রুখতে কঠোর ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া সংঘর্ষে আহত শিক্ষার্থী ও নিহত দোকানকর্মীদের ক্ষতিপূরণের ঘোষণা দেয়ার দাবি জানান তারা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলায় যারা জড়িত তাদের অনতিবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।

রাব্বি হোসেন বলেন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহসভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মামুন সোহাগের ওপরেও হামলা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাই।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শামিম হোসেন শিশির বলেন, আমরা দেখেছি অতীতেও সাংবাদিকদের ওপর অনেক হামলা করা হয়েছে। কিন্তু এর কোনো সুষ্ঠু সুরাহা হয়নি।

তিনি আরও জানান, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই ভবিষ্যতে যেন সাংবাদিকদের ওপর কোনো হামলা না করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত