রাশিয়াকে সঙ্গে নিয়ে ২০টি দেশের অর্থনৈতিক গ্রুপ জি-২০ কার্যক্রম চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বৈঠকে তিনি এ কথা বলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সারা সপ্তাহজুড়ে জি-২০ এর মিটিংয়ে রাশিয়ার উপস্থিতি নিয়ে হট্টগোল হয়েছে। রুশ কর্মকর্তারা কথা বলার সময়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশের কর্মকর্তারা পরপর তিন দিন ওয়াকআউট করেছেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমা সদস্যরা। ফলে জি-২০ এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগণ বুধবার ওয়াশিংটনে মিলিত হলেও অর্থনৈতিক নীতিনির্ধারণে একমত হতে পারেননি।
আইএমএফ স্টিয়ারিং কমিটি এবং বিশ্বব্যাংক-আইএমএফ উন্নয়ন কমিটিও যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।
কানাডিয়ান অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ওয়াশিংটনে ইউক্রেনের অর্থমন্ত্রী সের্হি মার্শেঙ্কোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, 'জি-২০ রাশিয়ার সঙ্গে একই টেবিলে কার্যকরভাবে কাজ করতে পারবে না।'
ফ্রিল্যান্ড বলেন, 'বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখার জন্য একত্রিত হওয়া দেশগুলোর টেবিলে রাশিয়ার স্থান নেই।'
রাশিয়া দক্ষিণ ইউক্রেনে আক্রমণ করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, 'আপনি একই সময়ে শিকারি এবং গেমকিপার (রক্ষক) হতে পারেন না।'
