ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের মাঝে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান তার বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করেন। এতে ফজলুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
