জমির বিরোধে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নারী নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৩:৪৫ পিএম

ময়লা ফেলানোর স্থানকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে তিনিশা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাশিপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত নারী ওই গ্রামের তার ভাই লিয়ট মিয়ার বাড়িতে থাকতেন। এ ঘটনায় প্রতিপক্ষের দুজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- একই গ্রামের চান মিয়ার ছেলে ছালেক মিয়া (৫১) ও এরশাদ মিয়ার ছেলে রোমান মিয়া (১৫)।

এসব তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, প্রতিবেশী এরশাদ মিয়ার (৩৫) সঙ্গে নিহত নারীর ভাই লিয়ট মিয়ার জায়গা জমি নিয়ে পূর্বে থেকে বিবাদ চলমান ছিল।

মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে ময়লা ফেলানোর স্থানকে কেন্দ্র করে লিয়ট মিয়ার স্ত্রী তাসমিয়ার আক্তারের সঙ্গে এরশাদ মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে তিনিশা বেগমসহ তার ভাই এগিয়ে আসলে প্রতিপক্ষ এরশাদ মিয়া ও গংরা লাঠি-সোঁটা, দা, বল্লম দিয়ে তাদের ওপর আক্রমণ করে।

এতে তিনিশা বেগমের বুকে বল্লম দ্বারা আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত মর্মে ছালেক মিয়া ও রোমান মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত