জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইপর্ব। সেখানে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। কঠিন সেই চ্যালেঞ্জের আগে নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় জাতীয় দলের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে। তবে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ পেতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে বাফুফেকে। এর মধ্যেই লাওস ও কম্বোডিয়া বাফুফের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এখন তারা চেষ্টা করছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান অথবা নেপালের মধ্যে যেকোনো একটি দলকে রাজি করাতে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশকে খেলতে হবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন প্রতিপক্ষের সঙ্গে। বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াকে টপকে চূড়ান্তপর্বে নাম লেখানো বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। তারপরও স্পেনের কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ একটা ভালো প্রস্তুতি নিয়ে মালয়েশিয়া যাক সেটাই চাওয়া বাফুফের। সেই চাওয়া পূরণে বেশ কিছুদিন ধরেই কাজ করছে তারা। প্রাথমিক চিন্তা ছিল মালয়েশিয়ার আশপাশে কোনো দেশের সঙ্গে খেলার। তবে প্রতিপক্ষ পাওয়া নিয়ে হয়েছে সমস্যা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, হুট করেই লাওস ও কম্বোডিয়া অপারগতা প্রকাশ করেছে। ‘কম্বোডিয়া ও লাওস না করে দেওয়ায় এখন আমরা যোগাযোগ অব্যাহত রাখছি ইন্দোনেশিয়ার সঙ্গে। নতুন করে যোগাযোগ শুরু করেছি আফগানিস্তান ও নেপালের সঙ্গে।’
