ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার-ধামরাই ও মানিকগঞ্জে

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৩:৪৯ পিএম

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সাভার-ধামরাই ও মানিকগঞ্জে সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম।

জানতে চাইলে আবু সাদাৎ মো. সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ)-সাভার আওতাধীন সকল শ্রেণির আবাসিক-শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সাভারসহ মানিকগঞ্জ ও ধামরাইয়েও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদের এ সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপলাইনগুলোর সংস্কারকাজ করাটা সহজ হয়। সবদিক বিবেচনা করে তাই এ সময়টিকে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত