স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে রিমান্ডে নিয়েছে ডিবি: স্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০:২২ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে বুধবার আদালতে তোলা হয়েছে। আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাত দিনের রিমান্ড আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে ডিবি পুলিশ তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে। 

বুধবার দেশ রূপান্তরকে এসব জানিয়েছেন তার স্ত্রী সুরাইয়া বেগম। 

মুসাব্বিরের সন্ধান পেয়ে সন্তোষ প্রকাশ করে সুরাইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘মুসাব্বিরের সন্ধান পাওয়ায় আমরা স্বস্তি ফিরে পেয়েছি। আমাদের দুঃশ্চিন্তা কেটে গেছে। আদালতে মুসাব্বিরের সঙ্গে কথা হয়েছে।’  

এর আগে মঙ্গলবার মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম দেশ রূপান্তরকে বলেছিলেন, ‘গত সোমবার তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে। এরপর রাতে থানায় গিয়ে মুসাব্বিরের সঙ্গে কথা বলে এসেছি। পরদিন মঙ্গলবার সকালে থানায় গেলে পুলিশ মুসাব্বিরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে আমাদের কোর্টে যেতে বলে। কোর্টে সারাদিন থেকে মুসাব্বিরের কোনো হদিস পাইনি। দুঃশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম।’

এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘মুসাব্বিরকে তেজগাঁও পুলিশ আটক করেছে। অথচ তারা অস্বীকার করছে। অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করা হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত