আমাদের দৈনন্দিন জীবনে এখন কায়িক পরিশ্রম অনেকটাই কমে গেছে। মস্তিষ্কে চাপ থাকলেও শরীর থেকে ক্যালরি ঝরানোর মতো পরিশ্রম কমই করা হয়। এজন্য বিশেষজ্ঞরা বলছেন, এমন জীবনাচরণে নিজেকে সুস্থ রাখতে গেলে ব্যায়াম আবশ্যক। দিনের একটা সময় ব্যায়ামাগারে হোক বা বাড়িতে কিংবা মাঠে গিয়ে ঘাম ঝরাতে হবে। তবেই শরীর থাকবে ভালো। তবে এ ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে ব্যায়াম করার আগে ও পরে শরীরে যে পানির চাহিদা তৈরি হয়, তা কীভাবে ঠিক রাখবেন তা অনেকেই বুঝতে পারেন না। জেনে রাখুন ব্যায়ামের আগে ও পরে পানি পানের নিয়ম শরীরচর্চার আগে পানির পরিমাণ : শরীরে কোনোভাবেই পানির ঘাটতি তৈরি হতে দেওয়া যাবে না। কারণ শরীরচর্চার সময় এমনিই ঘামের সঙ্গে অনেকটা পানি বেরিয়ে যায়। এর ওপর শরীরে পানির ঘাটতি থাকলে নানা সমস্যা হতে পারে। তবে এক্সারসাইজের ঠিক আগে বেশি পানি পান করা উচিত হবে না। পানিতে পেট ভরা থাকলে এতে ব্যায়ামের সময় কষ্ট হবে। বরং শরীরচর্চা করার ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা আগে তৃষ্ণা মিটিয়ে পানি পান করুন। এরপর তৃষ্ণা পেলেও কম করে পানি খান।
শরীরচর্চার পর জলপান : ব্যায়াম করার পর শরীর থেকে ভালো পরিমাণ পানি বেরিয়ে যায়। তাই এ অবস্থায় শরীরে পানির জোগান ঠিক রাখতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শরীরচর্চার পরপরই বেশি পানি পান করলে তাপমাত্রার ওপর হঠাৎ প্রভাব পড়ে। তাই শরীরচর্চার পর মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট পর ভালো পরিমাণে পানি পান করুন।
