পীরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০১:১০ এএম

রংপুরের পীরগঞ্জে নিখোঁজের তিন দিন পর নাইফুল ইসলাম নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার অভিযোগে গত মঙ্গলবার রাতেই সামিউল ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পালগড় গ্রামে একটি নলকূপের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, পালগড় গ্রামের শাহ আলম মিয়ার ছেলে ও শাল্টি সমস দিঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র নাইফুল ইসলামকে তার বন্ধু সামিউল ইসলাম (১৪) ২৩ এপ্রিল বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নাইফুলের সন্ধান চেয়ে সামিউলকে বারবার জিজ্ঞেস করে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে নাইফুলের পরিবার পুলিশে খবর দেয়।  পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নাইফুল হত্যার বর্ণনা দেয়। সামিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পালগড় গ্রামসংলগ্ন নলকূপের ঘরের মেঝেতে পুঁতে রাখা নাইফুলের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, সামিউল নাইফুলকে হত্যা করার কথা স্বীকার করেছে। সামিউলকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত