ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মুগ্ধ উমরান মালিকের বোলিং দেখে। তিনি চান, জম্মু-কাশ্মীরের এই পেসারকে ইংল্যান্ড সফরের জন্য দলে অন্তর্ভুক্ত করা হোক।
চলতি আইপিএলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন মালিক। অবশ্য ম্যাচটিতে ৫ উইকেটে হেরেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। তবে গুজরাটের ৫ উইকেটই নেন ২২ বছর বয়সী গতি তারকা।
ভারত ব্যাটার উৎপাদনের কারখানা হলেও, কখনো তেমন স্পিডস্টার দেখা যায়নি। মালিকের মধ্যে সেই সম্ভাবনা দেখছে তারা। উমরানের প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেশি গতিতে ধারাবাহিকভাবে বোলিং করার রেকর্ড রয়েছে। গুজরাটের ওপেনার ঋদ্ধিমান শাহকে যে ইয়র্কারে বোল্ড করেন তার স্পিড ছিল ঘণ্টায় ১৫৩ কি.মি!
এমন এক পেসার ভারতীয় দলে অন্তর্ভুক্ত হোক তা চান গাভাস্কার। উমরানে মুগ্ধ সাবেক এই ব্যাটার জানান, ইংল্যান্ড সফরে ভারত দলে এই পেসারের থাকা উচিত। এমনকি সে যদি কোনো ম্যাচও না খেলে। আমি মনে করি, সে হয়তো একাদশে সুযোগ পাবে না। কারণ দলে চার পেসার শামি, বুমরাহ, সিরাজ ও উমেশ আছে। তবে সফরকারী দলে সে যদি রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে সে যদি ড্রেসিংরুম শেয়ার করে তাহলে দেখবেন, কী ঘটে। টেস্ট ও সীমিত ওভারের জন্য তাকে ইংল্যান্ডে নেওয়া হোক।
চলতি আইপিএলে উমরান ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন।
