বাংলাদেশ সিরিজে ভালো খেলে মাস সেরার মনোনয়নে ২ দ. আফ্রিকান

আপডেট : ০৩ মে ২০২২, ০৪:২৭ পিএম

আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কেশব মহারাজ, সাইমন হার্মার ও যতীন্দার সিং।

গত এপ্রিল মাসের মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় এই মনোয়ন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো খেলে এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মার। সিরিজে সফরকারী টাইগারদের হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। ডারবান টেস্টের পর পোর্ট এলিজাবেথ টেস্টও জিতে নেয় স্বাগতিকেরা।

সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৭ ওভারে ১.৮০ গড়ে ৬৫ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন মহারাজ। মাত্র ১০ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানে দিয়ে ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দেন তিনি। টাইগাররা ডারবান টেস্ট হারে ২২০ রানে।

পোর্ট এলিজাবেথ টেস্টেও আগের জাদু ধরে রাখেন মহারাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে কাউন্টার-অ্যাটাকে ৮৪ রানের ইনিংস খেলার পর বল হাতে ৫৭ রানে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ফের ৭ উইকেটের দেখা পান তিনি। সফরকারীদের এবার গুটিয়ে দেন ৮০ রানে। দুই টেস্টে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরা হন মহারাজ।

মহারাজের পাশাপাশি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পথে বড় ভূমিকা রাখেন হার্মার। ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান করার পাশাপাশি দুই ইনিংসে মোট ৭ উইকেট নেন তিনি। এরপর পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ২৯ রান করেন হার্মার। আর দুই ইনিংসে নেন ৬ উইকেট।

ওমানের যতীন্দার সিংও দুর্দান্ত সময় কাটিয়েছেন এপ্রিলে। দুবাইয়ে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে তিন পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ২৫৯ রান করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত