সিএনজি-পিকআপ সংঘর্ষে ২ সহোদরের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২২, ১১:২৩ পিএম

কুষ্টিয়ার খোকসায় সিএনজি চালিত অটো ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ মে) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া মির্জাপুুর নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজির মধ্যে সংঘর্ষে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। 

নিহতরা হলেন পাংশা উপজেলার কলিমহর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফিরোজ (২৮) ও সামিউল (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাইকপাড়া-মির্জাপুর নামক স্থানে পিকআপ ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী সহোদর ফিরোজ ও সামিউলের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর  আহত আরও দুজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ। দুই সহোদরকে নিয়ে সিএনজি পাংশা অভিমুখে যাচ্ছিল।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পিকআপের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ। পিকআপের চালক ও সহকারীকে আটক করতে পুলিশী অভিযান চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত