৫১ কোটি টাকার অবৈধ সম্পত্তি: স্ত্রীসহ সাবেক ওসি কারাগারে

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:৩৫ পিএম

খুলনায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনিরুজ্জামানের (যুগ্ম মহানগর-২) আদালতে হাজির হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

দুদক-সংশ্লিষ্টরা জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২), ২৭(১) ধারায় ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২-এর ৪(১) ও ৪(২) ধারায় সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে দুটি মামলা করা হয়। এর মধ্যে আয়বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক ৮/২১ নম্বর মামলা এবং ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক ৯/২১ নম্বর মামলা করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে ২০২১ সালের ৯ নভেম্বর মামলা দুটি করেন। 

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান বলেন, মামলায় প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকার দুর্নীতি ধরা পড়লেও তদন্তে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের আরও প্রায় ৫১ কোটি টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওয়া গেছে, যা মামলার এজাহারে সম্পৃক্ত হবে।

পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। তার  গ্রামের বাড়ি বাগেরহাটের চুলকাঠি এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত