আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করে অর্থ আদায়, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ মে ২০২২, ০২:৫৫ পিএম

জয়পুরহাটে বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, সেনাবাহিনী পরিচয় দিয়ে চাকরি দেওয়াসহ নানা প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে শহরের খনজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর জয়পুরহাট শহরের সওদাগর পাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।

র‌্যাব ৫ জয়পুরহাটের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেপ্তারকৃত আলমগীর বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাকরি দেওয়া, বিদেশ পাঠানো ও পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করে আসছিলেন। 

আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া আইডি কার্ড, একটি ভুয়া সিআইডির কার্ড, র‌্যাবের পোশাক পরিহিত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটরসাইকেল ও নগদ টাকা টাকা উদ্ধার করা হয়।

আলমগীরের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত