দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ের দেওয়ার আশা দিয়ে এক গৃহবধূকে যৌন হয়রানি করা হয়েছে বলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোমের কাছে মৌখিকভাবে একটি অভিযোগ করেছেন। ইউএনও অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমাদের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক। আমরা বন বিভাগের জমিতে ঘর করে থাকতাম। কিন্তু কিছুদিন আগে বন বিভাগ আমাদের সেই জায়গা থেকে উচ্ছেদ করে দেয়। তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসি। বিষয়টি নিয়ে নৈশপ্রহরী বেলাল হোসেনের সঙ্গেও কথা হয়। পরে তিনি আমাকে ঘর পাইয়ে দেবেন বলে সখ্য গড়ে তোলেন। গত ৩ মে বিকেলে আমার স্বামী বাড়ি না থাকার সুযোগে বেলাল আমার ঘরে প্রবেশ করে যৌন হয়রানি করে। আমি চিৎকার করলে সে পালিয়ে যায়।’
এ ব্যাপারে ইউএনও অনিমেষ সোম বলেন, ‘আমি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। আমি বেলালকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি যৌন হয়রানির কথা অস্বীকার করেছেন।’
