সাভারে বেতন না পাওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন চালিয়ে আসছে। তারা এ সময় কারখানার গেটে তালাও লাগিয়ে দিয়েছে।
অন্যদিকে ওই আন্দোলনে শ্রমিকেরা মালিককে ‘হত্যার হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অবস্থিত বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টসের মালিক মোহাম্মদ হানিফ। তিনি এই অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টসের মালিক মোহাম্মদ হানিফ জানান, তার পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ৮৫ জন শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। কিন্তু সমস্যার কারণে কারখানার কিছু স্টাফদের এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে পারছিলেন না তিনি। এ সময় ওই স্টাফরা ১ এপ্রিল অর্ধেক মাসের বেতনের জন্য তার সাভারের গেন্ডায় ভাড়া বাসায় গিয়ে তাকে না পেয়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে গিয়ে বাড়ি ঘরে হামলার চেষ্টা করে ও তাকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে হুমকি ধামকি দেন।
এ ঘটনায় তিনি কারখানাটির স্টাফ আউয়ালকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কারখানার শ্রমিকেরা জানান, তারা কয়েকজন শ্রমিক এপ্রিল মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘর ভাড়া ও দোকানে বাকির টাকা পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার কাছে লাঞ্ছিত হয়েছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এখলাছুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
