চ্যাম্পিয়নস লিগ জিতে মৌসুম ‘স্পেশাল’ করতে চান আনচেলত্তি

আপডেট : ০৭ মে ২০২২, ০৭:০৯ পিএম

কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে তার ২৭ বছরের কোচিং ক্যারিয়ারের জন্য এটাই সেরা মৌসুম হবে। রবিবার রাতে মাদ্রিদ ডার্বির আগে এমনটাই জানান ইতালিয়ান কোচ।

২৮ মে প্যারিসের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের রোমাঞ্চকর জয়ে ফাইনালের টিকিট কাটে লস ব্লাঙ্কোসরা।

এর চার দিন আগে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ উদ্ধার। তার আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষ নিজেদের ঝালিয়ে নিতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

ওয়ান্দা মেত্রোপোলিতানোতে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এই সপ্তাহে আমরা লিগ জিতেছি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছি।’

তিনি আরও বলেন, ’ভালো হবে ২৮ মে চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে এবং আমরা চেষ্টা করব। এবারের চ্যাম্পিয়নস লিগ জিতলে নিশ্চিতভাবে এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম হয়ে থাকবে।’

গত সপ্তাহে রিয়ালের হয়ে লা লিগা জিতে প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ জয়ের ইতিহাস গড়েন আনচেলত্তি। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলান এবং রিয়ালের হয়ে নিজের প্রথম মেয়াদে ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি। তবে এক মৌসুমে কখনো একসঙ্গে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি আনচেলত্তির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত